বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের নিহতের ঘটনায় তিন কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা দেড়টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময়ের সময় এ তিন কোটি টাকা দাবি করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল বলেন, আমরা কালকে রাত থেকে কাজ করতেছি। সকল দাবিগুলো আমরা অতিদ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবো। ক্ষতিপূরণের বিষয়টা নিয়ে আমরা বাস মালিক ও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলব।
এ সময় উপাচার্য অধ্যাপক ড শূচিতা শরমিন বলেন, আমরা ইতোমধ্যে বিআরটিএর সাথে কথা বলেছি। তারা পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলছি। যতদ্রুত সম্ভব আমরা ওই খুনি বাসক চালককে গ্রেপ্তারের জন্য কথা বলেছি। বাস মালিককে আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসব।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার মো শওকত আলী বলেন, আমরা তোমাদের সকল দাবি দাওয়া শুনেছি। আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।
সড়কে স্প্রিড ব্রেকার বসানোর কাজ চলছে। ট্রাফিক পুলিশ থাকবে। সড়কে ফুটপাতের যে দাবি করেছো তা একটু দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো অতিদ্রুত বাস্তবায়ন করতে।