জামালপুরে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশের দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ইসলামপুর উপজেলার রাজনগর এলাকার মৃত আজাহার আলীর ছেলে আহসান হাবীব  (২৬) এবং নিহত হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে তিথি বেগম। 

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ এপ্রিল যৌতুকের দাবিতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফরাজী ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি আহসান হাবীবের উপস্থিতে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন জানান, তিথি বেগম হত্যার ঘটনায় আসামি আহসান হাবীব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় আহসান হাবীবকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এই রায়ে রাস্ট্রে পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

তিনি বলেন, এই দৃষ্টান্তমূলক রায় হওয়ার মধ্য দিয়ে একটি বার্তা পাওয়া গেছে সমাজে যারা অন্যায় কাজ করবে তাদের পরিণতি ভালো হবে না। অপরাধী যেই হোক আইনি প্রক্রিয়ায় তাদের সর্বোচ্চ  শাস্তি নিশ্চিত  করা হবে।