দুই সিনেমার মুক্তি আজ, সৌদি আরবে নিষিদ্ধ

আজ শুক্রবার ভারত ছাড়াও বিশে^র বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’। ইতিমধ্যে ভারতে দুই সিনেমা নিয়ে বক্স অফিসে তুমুল লড়াই। দুই ছবিই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যেই এ দুই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।

ছবি রিলিজের ঠিক আগের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম অ্যাগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’!

সূত্রের খবর, এই দুই ছবিই দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মত, এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে। শুধু তাই নয়, এ দুই ছবির বিষয়ই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। তবে শুধুই বলিউডের এ দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

অগ্রিম বুকিংয়েই বাজিমাত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির। বক্স অফিসের হিসাব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি রুপির ব্যবসা করে ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রেন্ড যা বলছে, দিওয়ালির সপ্তাহেই বাজিমাত করবে এই ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম অ্যাগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগনের এই ছবি ব্যবসা করেছে ২৫ লাখ রুপির ওপর। তবে বিশেষজ্ঞরা বলছেন, দিওয়ালি যত কাছে আসবে, ততই বাড়বে ‘সিংহাম অ্যাগেইন’ ছবির ব্যবসা।