ঢাকার বায়ুদূষণ কমছেই না। আজ ছুটির দিন বায়ুদূষণে ঢাকা শহর চতুর্থ অবস্থানে রয়েছে। এ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি। দূষণের তালিকায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় পাকিস্তান ও ভিয়েতনামও রয়েছে।
আজ শুক্রবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচকে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে একিউআই স্কোর ১৪১ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ৩৪৮, ২১১ ও ১৯৭ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।