দক্ষিণ বৈরুতে ১০ বার বিমান হামলা চালাল ইসরায়েল

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে কমপক্ষে ১০ দফা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই এলাকার ভবনগুলো থেকে লোকজনকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর আজ শুক্রবার ভোরে এ হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বৈরুত থেকে লেবাননের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) পরিবেশিত খবরে বলা হয়, সেখানে বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক অভিযান চালানো হয়। এতে অনেক ভবন মাটির সাথে মিশে যায়। এ সময় ওই অঞ্চলে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়।

সংস্থাটি আরও জানায়, শহরতলির ঘোবেইরি এবং আল-কাফাত, সাইয়েদ হাদি হাইওয়ে, আল-মুজতবা কমপ্লেক্সের পার্শ্ববর্তী এবং পুরাতন বিমানবন্দর সড়ক এলাকা লক্ষ্য করে ইসরাইলি সামরিক বাহিনী ১০ দফা অভিযান চালায়।

জানা গেছে, লেবানন যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে সফররত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের একদিন পর শুক্রবার এসব হামলা চালানো হলো। এতে সীমান্তের দুই পাশে মৃতের সংখ্যা বাড়ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি বাহিনী বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে অন্তত ১ হাজার ৮২৯ জন নিহত হন। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। তারা গত ২৩ সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।