পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের এক শহরে স্কুলে বোমা বিস্ফোরণে ৫ শিক্ষার্থীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২৩ জন।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বেলুচিস্তানের মাসতুং শহরের একটি বিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে।
মাসতুংয়ের পুলিশ সুপার রহমতউল্লাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একটি পুলিশ ভ্যান পোলিও টিকাদানকারী দলকে নিতে যাচ্ছিল। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৩ জন।
তিনি বলেন, মাসতুং শহরে মেয়েদের একটি স্কুলের কাছে পার্ক করা মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত একটি ইম্প্রোভাইজড ডিভাইস থেকে বিস্ফোরণটি ঘটে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনায় দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন।
পাকিস্তান তার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলা বৃদ্ধি এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকাদান কার্যক্রম পরিচালনাকারী একটি স্বাস্থ্য অফিসে হামলায় এক পুলিশ সদস্য নিহত হন।