কপিলের শোতে রবীন্দ্রনাথ ও তার গান নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ

কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ টিভি থেকে শুরু করে, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও বেশ জনপ্রিয়। এই কমেডি শোতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা আসেন। তাদের সঙ্গে বিভিন্ন গল্প আর কথার আড্ডায় মেতে উঠেন কপিল শর্মা।

তবে এবার সেই মজা মাত্রা যদি মাত্রা ছাড়ানোর অভিযোগ উঠেছে। কপিল শর্মার শো-তে রবীন্দ্রনাথ ও তার গানকে অসম্মান, ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গিতে প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন কবি ও পরিচালক শ্রীজাত।

এ ঘটনায় ফেসবুকে প্রতিবাদ জানিয়ে তিনি এক দীর্ঘ পোস্ট করেছেন। শুধু তাই নয় প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রীজাত।

তিনি লেখেন, ‘অভিনেতা ও কৌতুকশিল্পী কপিল শর্মা’র আমি একজন অনুরাগী। প্রতিভা, পরিশ্রম, অধ্যবসায়, লড়াই, কোনওটারই অভাব তার ছিল না। সেই কারণেই আজ যশ, খ্যাতি, অর্থ বা প্রতিপত্তিরও অভাব নেই। এমনটা হলেই আমার ভাল লাগে। এই রূপকথার মতো উত্থান, এই রাস্তা থেকে রাজপ্রাসাদের সফর। কৌতুকরসকে টেলিভিশন বা ওটিটি-র পর্দায় অন্য মাত্রায় তুলে নিয়ে যাবার পিছনে তার অবদান অনস্বীকার্য, শৈল্পিক ও বাণিজ্যিক, উভয় প্রেক্ষাপটেই। অবশ্য তিনি একা নন, এ-ধরনের বড় অনুষ্ঠান প্রযোজনা করতে গেলে অনেক মাথাকে এক করতে হয়, যারা একটি বিরাট কর্মযজ্ঞকে নানা দিক থেকে আগলে নিয়ে একসঙ্গে এগোতে পারেন। বহু বছর ধরে কপিল নিজস্ব তেমনই একটি দল সংগঠিত করতে পেরেছেন। দেশ-বিদেশের নানা মাধ্যম মিলিয়ে খুব কম তারকাই আছেন, যারা এখনও ওর অনুষ্ঠানে যাননি। এই অনুষ্ঠানকে সফল করে তোলায় সেসব আমন্ত্রিত ব্যক্তিদের অবদান যেমন আছে, তেমনই আছে কপিল শর্মা’র সহশিল্পীদের অবদানও, প্রতিটি পর্বে যাদের কৌতুক এই অনুষ্ঠানকে আরও রংদার ও জমজমাট করে তোলে।’

শ্রীজাত জানিয়েছেন, এই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল ও কৃতি শ্যানন। পর্বের মাঝামাঝি, কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন মঞ্চে।

তিনি লিখেছেন, ‘সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে। পর্বটি যথাস্থানে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন, আর যারা ইতিমধ্যেই দেখেছেন, তারা ভালই জানেন।’

এবার শ্রীজাতর এই লড়াই আইনি পথে গড়ায় নাকি শো-এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়, সেটাই দেখার।