পরবর্তীতে সরকার কে হবে সেটা নির্ধারণ করবে জনগণ : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন করতে দেওয়া হবে না। পরবর্তীতে সরকার কে হবে সেটা নির্ধারণ করবে দেশের জনগণ, মানে আপনারা। আপনারা যদি এমন কাউকে নির্ধারণ করেন? যারা পূর্বের মত ফ্যাসিবার প্রতিষ্ঠা করবে, সেটার দায়ভারও আপনাদের নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় বসাবেন।

শুক্রবার (১ নভেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ পরিবার ও ৪০ জন আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের পুর্নবাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেওয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুর্নবাসন ছাড়া থাকবে না।

শেষে তিনি দেবিদ্বার উপজেলা প্রসঙ্গে বলেন, দেবিদ্বারে কোনো ভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না, এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দেবিদ্বারের অবস্থা এমন হয়েছে, পৈত্রিকভাবে অনেকেই ক্ষমতায় আসছে। এখানকার যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে। সেজন্য খুব শিগগিরই পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নিবার্চনের মাধ্যমে নতুন ব্যবসায়ীবান্ধব কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ।