বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার ও তার আওয়ামী লীগের জায়গা এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ তাদের আর দেখতে চায় না। তারা দেশের সম্পদ লুটপাট করেছে। দেশে গণহত্যা চালিয়ে এ দেশ থেকে পালিয়েছে। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনোই হবে না।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীদিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণ এর কল্যাণে কাজ করবে। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সেগুলো আগামীদিনে বিএনপি করবে না, বিএনপি কথা দিয়ে কথা রাখে।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন জনগণরে একমাত্র প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। কারণ দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর যাবৎ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি।
কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রধান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসহাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপি’র সদস্য জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।