দেবাশিষ সরকারের ঘূর্ণিতে কাবু হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ডানহাতি এই লেগ স্পিনার ৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তাতে অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে ৯ উইকেটের বড় জয়। আগে ব্যাট করে মরুর দেশটি গুটিয়ে যায় মাত্র ১৩৭ রানে। ১৩৮ রানের ছোট লক্ষ্য সহজেই তাড়া করে ফেলেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী এলিনরা মিলে। তাতে সিরিজে হোয়াইটওয়াশ হয় আমিরাত।
মিরপুরে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরাত। পরে রান তাড়ায় পাওয়ার প্লেতে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন দুই ওপেনার আবরার ও এলিন। তাদের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান তুলে স্বাগতিকরা। জাওয়াদ তিন ছক্কা ও চারে ৪৬ বলে ৪১ রানে ফিরলে জুটি ভাঙে। হাফ সেঞ্চুরি না পেলেও ৪২ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন কালাম। দারুণ ব্যাটিংয়ে শাহরিয়াল করেছেন ৩৭ বলে ৩৯ রান।