ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে গোটা ফুটবলবিশ্বই বিভক্ত হয়ে গেছে। অনেকেই এটাকে মানতে পারছেন না। এবার সেই দলে যোগ দিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। দলের অন্যতম সেরা তারকার ব্যালন ডি’অর না পাওয়াকে তিনি ‘অন্যায়’ হিসেবেই দেখছেন।
গতকাল শুক্রবা রাতে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণার সময় দরিভাল বলেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’
ব্যালন ডি’অরজয়ী স্প্যানিশ তারকা রদ্রির প্রসঙ্গ টেনে দরিভাল বলেন, ‘যে এই পুরস্কার জিতেছে, আমি তার বিরুদ্ধে নই। সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে। কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সে জন্য তার অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’