বছরের শেষ প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয়ের পথে রয়েছে ব্রাজিল। ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক এবং এনদ্রিকের দর্শনীয় গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। এর আগে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের পর এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামেম্যাচের শুরু থেকেই অনুশীলনের মেজাজে খেলতে থাকা ব্রাজিলকে প্রথম লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রুনো গিমারেসের পাস থেকে বল পেয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। কিছুক্ষণ পরই নিজের দ্বিতীয় গোলটি করেন এই নাম্বার সেভেন। এবার গোলমুখে ফাঁকায় বল পেয়েও নিজে শট না নিয়ে ভিনিসিয়ুসকে পাস দেন এনদ্রিক, আর আলতো টোকায় বল জালে জড়াতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ তারকা।
তৃতীয় গোলটি ছিল কেবল সময়ের অপেক্ষা, আর সেটিও আসে ভিনিসিয়ুসের পা থেকেই। এস্তেভাওয়ের বাড়ানো পাসে ছয় গজ বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে সহজ টোকায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি চলতি বছরে জাতীয় দলের হয়ে ভিনিসিয়ুসের ১১তম গোল। এছাড়া কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২০ ম্যাচে ১৩ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনটিও আরও পাকাপোক্ত করলেন তিনি।
ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের পর সিঙ্গাপুরের কফিনে চতুর্থ পেরেকটি ঠোকেন এনদ্রিক। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দারুণ এক শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালের বাঁ কোণায় আশ্রয় নেয়, যা ব্রাজিলের জয়কে বড় ব্যবধানে রূপ দেয়।
উল্লেখ্য, জাপানের বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগআউটে নেই কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের একাদশ থেকে সাতটি পরিবর্তন এনে এদিন মাঠে নামে ব্রাজিল। জাপানের বিপক্ষে লাল কার্ড দেখা রাফিনিয়ার জায়গায় সুযোগ পান এনদ্রিক। এছাড়া একাদশে জায়গা পান গোলরক্ষক লুকাস পেরি, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, জোয়াও গোমেস এবং রায়ান।