প্রধান উপদেষ্টাকে যা বলে এলেন সাফ চ্যাম্পিয়নরা

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফুটবলারদের সকালের নাশতার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে নারী ফুটবলারদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

সংবর্ধনা শেষে সাংবাদিককদের ব্রিফ করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাফজয়ী নারী ফুটবল দলকে সকালের নাশতায় আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যার খুব ধৈর্যসহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন, সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। নারী ফুটবল দলের খেলোয়াড়েরা প্রত্যেকে সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।'

ক্রীড়া উপদেষ্টা আরও জানান, 'আবাসন সমস্যা, অনুশীলন, স্যালারি, বেতন কাঠামো সবকিছু নিয়ে কথা হয়েছে। খুবই খোলামেলা আলোচনা হয়েছে। এখানে সব বিষয় এসেছে। এই সবগুলো বিষয় আমরা দেখব, সে জন্য উনারদেরকে নির্দিষ্টভাবে দুই-তিন দিনের মধ্যে লিখিত দিতে বলা হয়েছে, সরাসরি সেটা আমি স্যারকে পৌঁছে দেব। নারী ফুটবলাররা জানিয়েছে ওনাদের ক্যাম্প সারা বছর চলার কারণে এমন সাফল্য এসেছে। এটাকে সারা বছর যেন রাখা যায়, সেই আবদার তারা জানিয়েছে। সবগুলো দাবি লিখিত দিলে সহজে চিহ্নিত করতে পারব।’

খেলোয়াড়দের সাক্ষর করা জার্সি দেওয়া হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে

নারী ফুটবলারদের প্রতি প্রধান উপদেষ্টার বার্তা কী ছিল, এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা সবকিছু লিখিত আকারে চেয়েছেন। সবাই ব্যক্তিগতভাবে সেটা দেবেন। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেছেন, যেন বিজয়ের এই ধারা অব্যাহত থাকে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অধিনায়ক সাবিনা খাতুন তার জার্সি উপহার দেন প্রধান উপদেষ্টাকে। খেলোয়াড় ও প্রধান কোচ মিলিয়ে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পেয়েছিলেন ২৫ জন। সেখানে সহকারী কোচ ও গোলরক্ষকদের কোচ ছিলেন না। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বাফুফের প্রেসিডেন্ট দেশে ছিলেন না। যে কারণে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদের এখানে আনার ব্যবস্থা করেছি। সহকারী কোচ ও গোলরক্ষক কোচের নাম ছিল না।’