বিডিআর বিদ্রোহের ঘটনায় কমিশন গঠনসহ ৯ দফা দাবি জানিয়েছে ১৭টি শহীদ সেনা পরিবার এবং বিডিআর কল্যাণ পরিষদ। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে রাস্তার নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
তৎকালীন বিডিআরের মহাপরিচালক শহীদ শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের কাছে কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি এবং তা যেন দ্রুতই গঠন করা হয়। তা না হলে ১৮ হাজার বিডিআর সদস্য রাস্তায় নামতে বাধ্য হবে।’
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকা-ে ১৭টি শহীদ সেনা পরিবার এবং বিডিআর কল্যাণ পরিষদ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে রাকিন আহমেদ আরও বলেন, ‘সরকারকে জানা উচিত ১৮ হাজার বিডিআর সদস্য এক কাতারে রয়েছে। এসব সদস্যের মধ্যে কিছু মানুষ প্রতিষ্ঠিত হয়েছে, আবার কেউ মানবেতর জীবনযাপন করছে। তাদের পক্ষে সরকার কোনো পদক্ষেপ নিলে বিডিআর পরিবারের পক্ষ থেকে খুশি হতাম।’
তিনি বলেন, ‘আমার বাবা আপনাদের সন্তানের মতো ভালোবাসতেন। আপনাদের আগেও পরিবার হিসেবে দেখতাম, এখনো দেখি। আপনারা আমার ভাই হিসেবে বলেন, আর সন্তান বা অভিভাবক বলেন। আমরা চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ বিডিআর সদস্যরা মুক্তি পাক আর দোষীরা শাস্তির আওতায় আসুক।
রাকিন অভিযোগ করে বলেন, ভয়াবহ বিষয় হচ্ছে, আওয়ামী লীগের দোসররা এখনো সরকারে রয়েছে। আমাদের ছাত্র-জনতার পাশে দাঁড়াতে হবে। জাতীয়তাবাদী শক্তির পাশে দাঁড়াতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনস্বার্থে কাজ করবেন বলে বিশ্বাস করি।