মধ্যরাতে মাছের ঘেরে দুর্বৃত্তদের হামলা, গুলিতে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে মনির আহমেদ (৫৫) নামের এক চিংড়ি ঘেরের শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মনির আহমেদ পাট্টছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। 

ওসি কায়সার হামিদ বলেন, ‘গতকাল রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ঘেরে হামলা চালায়। তখন দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মনির গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় দুর্বৃত্তরা মাছ লুট করে নিয়ে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’