নিরাপত্তার জন্য মাঝপথে নাটকের প্রদর্শনী বন্ধের ‍সিদ্ধান্ত: জামিল আহমেদ

নিরাপত্তার কথা বিবেচনা করে শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

রবিবার (৩ নভেম্বর) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান শিল্পকলার মহাপরিচালক অধ্যাপক জামিল আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি দেখে শঙ্কা হয়েছিল শিল্পকলা একাডেমিও আক্রান্ত হতে পারে।

মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের ২২ জায়গায় শিল্পকলা একাডেমিতে হামলা হয়েছে। সেসব মাথায় ছিল। আর এখানে ভেতরে দর্শক ছিল। উত্তেজিত কেউ গিয়ে যদি দর্শকদেরও আক্রমণ করে বসে। দর্শকের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রদর্শনী বন্ধ করি। আমি ভেতরে গিয়ে দর্শকের কাছে ক্ষমা চেয়েছি।’

মহাপরিচালক জামিল আহমেদ বলেন, ‘গতকাল আমি একটা খণ্ডযুদ্ধ করেছি। অনেক চেষ্টা করেছি নাটকের প্রদর্শনী যেন হয়। কিন্তু আমি হেরে গেছি। একটা খণ্ডযুদ্ধে হেরে গেছি। কিন্তু মূল যুদ্ধটা এখনো হারিনি।’

একাডেমির ভেতরে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করলেও তাদের সহযোগিতা কেন নেওয়া হয়নি জানতে চাইলে পাল্টা প্রশ্নে তুলে জামিল আহমেদ বলেন, ‘বল প্রয়োগ করে থামাবেন? নাকি কথা দিয়ে থামাবেন?’

গতকাল শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভে মুখে দেশ নাটক দলের আয়োজনে 'নিত্যপুরাণ' নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেন আয়োজকরা।