নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে কাটা পড়ে মনসুর আলী (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় চোখের সামনেই পিতার মৃত্যু দেখে সাথে থাকা ছেলে আব্দুল হাকিম (১৮) অজ্ঞান হয়ে পড়ে।
রবিবার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মনসুর নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনামূখী গ্রামের মৃত নিরাশা মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিল। আজও সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজের মাঝখানে রেললাইনে রঙের কাজ করছিল।
এ সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখে তিনজনই ব্রিজ পার হতে দৌঁড়াতে থাকেন। এক পর্যায়ে একটু সামনে এসে রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান নিতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চোখের সামনে এ ঘটনা দেখে ছেলে আব্দুল হাকিম নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেল স্টেশনে নিয়ে আসেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, শ্রমিকরা ঠিকাদারের অধীনে রেলওয়ে ব্রিজে কাজ করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে মনসুর মারা যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।