স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একত্রীকরণে বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুশাসন দিয়েছেন।
আজ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীসহ পরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে ৬টি সংস্থা পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে ৪টি বিভাগ- বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং ব্যবস্থা।
২০১৭ সালে কাজের সুবিধার যুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। বিভক্তির পর সুবিধার চেয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে বেশি। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের কর্মরতদের মধ্যে মতানৈক্য তৈরি হয় দফায় দফায়।
প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী নতুন প্রস্তাবিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০টি অধিদপ্তর থাকবে। পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য অধিদপ্তর।