সিরাজগঞ্জের শাহজাদপুরে দুটি টিউবওয়েলের ভিতরের পানিতে চেতনানাশক দ্রব্য মিশিয়ে একই বাড়ির ৫ পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ ও মালামাল লুটের খবর পাওয়া গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অচেতন হয়ে ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এরা হলেন- ওই গ্রামের অসীম পাল (৩৫), আশীক পাল (৩০), সুপাংক পাল (৩৫), রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থ পরিবারের অনিতা রানী পাল বলেন, আমরা সবাই শনিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কারও ঘুম ভাঙেনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকাডাকি করতে থাকে। তাদের ডাকের শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
প্রতিবেশি সনজয় কুমার পাল ও অসীম কুমার পাল বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই বাড়ির টিউবওয়েলের ভিতরের পানির সাথে দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়েছিল। ফলে তারা রাতের খাওয়ার সময় ওই টিউবওয়েলের পানি পান করায় অচেতন হয়ে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা কৌশলে তাদের ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, স্বর্ণের গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারের ৫ ভাইয়ের ঘর থেকে নগদ ৩ লাখ টাকা, স্বর্ণের গহনা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে তারা দাবি করেছেন। এছাড়া দীর্ঘ সময় পার হওয়ায় কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় টিউবওয়েলের পানি পরীক্ষার ব্যবস্থা করা হয়নি।