সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপ্রধানের সান্নিধ্য পেয়ে ফুটবলারা আপ্লুত। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের অনুভূতিও প্রকাশ করেছেন। তাদেরই একজন শাহেদা আক্তার রিপা।
কক্সবাজারের উখিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে শাহেদা আক্তার রিপা এখন জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তিনি পরিকল্পনা করে রেখেছিলেন, প্রধান উপদেষ্টার কাছে নিজের আঞ্চলিক পরিচয় দেবেন। কারণ, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেও চট্টগ্রামের মানুষ। বাকি গল্পটা ফেসবুকে জানিয়েছেন শাহেদা।তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারের সংবর্ধনা দেওয়ার কথা শুনেই আমি চিন্তা করেছিলাম, আমি চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলবো কি না। সাহস করে বলেই ফেললাম- স্যার আঁই চিটাংগ্যা।’
প্রধান উপদেষ্টা মহোদয় : তোঁয়ার বাড়ি হড়ে?
- স্যার, আঁর বাড়ি হাস্সবাজার।
প্রধান উপদেষ্টা মহোদয় : তইলে তো আঁরা চিটাংগ্যা
শাহেদা শেষে লিখেছেন, ‘পৃথিবীর যেকোনো দেশে হোক, একমাত্র চট্রগ্রামের আঞ্চলিক বলতে পারলেই মনের ভিতর আলাদা একটা শান্তি অনুভব করি।’