বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: মির্জা ফখরুল

অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যত দেরি করবেন, তত হাসিনারা আবার ফিরে আসবে। তাই বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন।

রবিবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদে পদে আমরা ক্ষমতায় যেতে উসখুস করছি, এসব কথা বলে জনমতকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা তো ক্ষমতায় যেতেই চাই। আমরা রাজনীতি করিই ক্ষমতার জন্য।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। একবার রাজনৈতিক বিরাজনীতিকরণ, মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবেন না।

মির্জা ফখরুল বলেন, খোকা ভাই ছিলেন একজন লিজেন্ড। তিনি ১৯৭১, ফ্যাসিস্ট, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরব ভূমিকায় ছিলেন। তিনি কিন্তু শেখ হাসিনাকে হারিয়েছিলেন নির্বাচনে। এ কথা অনেকে এখন বলেন না। তাদের জন্ম হয়েছিল রাজনীতি করে মানুষের কল্যাণ করার জন্য। তার মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছিল।

তিনি বলেন, বিএনপি নয়, শুধু এখনো বাংলাদেশ কিন্তু সংকট অতিক্রম করতে পারেনি। হাসিনা গেছে, এতে যারা বাংলাদেশি বিদেশে থাকেন তাদের আনন্দ হয়েছে। আমরা একটা ভয়াবহ পাথরের কাছ থেকে মুক্তি পেয়েছি, বুকের ওপর চেপে থাকা পাথরটা গেছে। পাথর গেল এখনো কিন্তু স্বস্তি নেই, কোথাও যেন আটকে আছি। আটকাতো আছি, এখন জনগণের সরকার প্রতিষ্ঠাতা করে।

তিনি আরও বলেন, খবরের পাতায় দেখলাম, আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১২ বিলিয়ন ডলার পাচার করেছে। অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ধ্বংস করেছে বাংলাদেশের মোলারিরিটি, মানুষের যে নৈতিকা ধ্বংস করেছে আওয়ামী লীগ। যেখানে যাবেন চোর, চোর মানে আওয়ামী লীগের চোর। সব জায়গায় ওরা বসে আছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজুন সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান প্রমুখ।