কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চারটি বিয়ার উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।
লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহল দল সীমান্ত পিলার ২০৮৪ /৭-এস হতে ২০০ গজ অভ্যন্তরে চারটি বিয়ারসহ অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে আটক করে।
তিনি বলেন, আটকদের ভারতীয় নাগরিকদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা করেছে বিজিবি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, বিজিবির মামলা দায়ের শেষে ওই দুইজনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।