দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা শ্রমিক দলের তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। শনিবার রাতে দলীয় প্যাডে শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, ঝিনাইগাতি উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব এমদাদুল হক মোল্লা, সদস্য হোসেন আলী ছোট এবং ঝিনাইগাতি সদর ইউনিয়নের সভাপতি ফারুককে সংগঠনের শৃংখলা ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ওই তিন নেতাকে উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
উপজেলা নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর ঝিনাইগাতি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি প্রত্যাখ্যান করে কাংশা ইউনিয়নের শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে মারধর করে এমদাদুল হক মোল্লার সমর্থকরা। এ সময় গুরুতর আহত হয় অন্তত দশজন নেতাকর্মী। ওই সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এমদাদুল হক মোল্লার নেতৃত্বে জেলার নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ঝাড়ু মিছিলও বের করা হয়।
এমদাদুল হক মোল্লা বলেন, শ্রমিক দলের জেলার নেতারা অগঠনতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করেছেন। এর প্রতিবাদ করায় তারা আমাদেরকে বহিস্কার করেছে। যা জেলা কমিটির এখতিয়ার বহির্ভূত।
শ্রমিক দলের জেলা সভাপতি শওকত হোসেন বলেন, ঝিনাইগাতি উপজেলা শ্রমিক দলের কমিটি ঘোষণা হওয়ায় ওই তিন নেতা জেলার নেতাদের বিরুদ্ধে টাকা নিয়ে কমিটি দেওয়া, ঝাড়ু মিছিল করা, আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করা, দলীয় কর্মীদের উপর হামলা করাসহ বিভিন্ন মিথ্যা অপবাদ আরোপ করেন। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।