রাজধানীর বংশাল থানার ফুলবাড়ীয়া ওয়াসা পানির ট্যাংক অফিসের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ। পরে সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার এর পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছন থেকে ককটেল সদৃশ বস্তুগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বংশাল থানা পুলিশের বরাতে তিনি জানান, রাজধানীর বংশাল থানা ফুলবাড়ীয়া বিআরটিসি টিকিট কাউন্টার সংলগ্ন পশ্চিম পাশে ওয়াসার পানির ট্যাংক অফিসের পেছনে একটি রেইনট্রি গাছের গোড়ায় ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বংশাল থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যায়। আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। ডিএমপির বিশেষ শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)কে খবর দেয়।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায়। এরপর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, বিষয়টি তদন্ত করছে বংশাল থানা পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।