উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ৩৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

আজ সোমবার সকালে রাজ্যের আলমোড়া জেলার মারচুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

জানা গেছে, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর বাসটি নদীর ধারে এসে পড়ে। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। শেষ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে জানিয়েছেন, বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।’