সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী বুধবার সিরিজের প্রথম ম্যাচ। ১৫ সদস্যের দলে থাকা ১৩ জনই ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। তবে এখনও যেতে পারেননি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। তারা নাকি এখনও ভিসাই পাননি।
দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেছেন, ‘নাসুম ও নাহিদ রানা এখনও ভিসা পাননি। আজই সেটা পাওয়ার কথা। ভিসা পাওয়া মাত্রই তারা দুবাইয়ের বিমানে চড়বেন।’
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছিলেন নাসুম। তবে ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। ডিপিএল ও বিপিএলে পারফরম করেছেন। সম্প্রতি ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে। নিজ বিভাগ সিলেটের হয়ে খেলতে বগুড়ায় ছিলেন তিনি। দল ঘোষণার পরই ঢাকায় ফিরে উঠেন বিসিবির একাডেমি ভবনে।
অন্যদিকে পেসার নাহিদ রানা জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। টেস্টে দ্যুতি ছড়ানো অভিষেক হলেও এখন তার অপেক্ষা সাদা বলের রঙিন জার্সি গায়ে জড়ানোর।
১৩ সদস্যের প্রথম ভাগে ৯ ক্রিকেটার শনিবার দুবাইয়ের পথে রওনা দিয়েছেন। রবিবার গেছেন আরও ৪ ক্রিকেটার। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সবগুলো খেলাই হবে শারজায়।