গাজীপুরের শ্রীপুরে দরিদ্র কৃষকের নামে মিথ্যা সালিশ বসিয়ে গরু বিক্রি করে জরিমানা আদায়ের ঘটনায় বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাতে দলীয় মিটিং করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় বিএনপির দুজনকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৭ অক্টোবার কাওরাইদ ইউনিয়নের গলদা পাড়া গ্রামে কৃষক জাহাম্মদ আলী মুন্সির নামে জোর করে সালিস বসায় মাতবররা । এ সালিসের নেতৃত্ব দেয় ৪ নম্বর ওর্য়াড বিএনপির সভাপতি বাবলু সরকার। সালিশে জরিমানার টাকা আদায় করা হয় কৃষকের গরু বিক্রি করে। পরে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দলীয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক সামসুল হক মন্ডলের স্বাক্ষরীত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জাহাম্মত আলী মুন্সি বলেন, কয়েকদিন আগে আমাদের বাড়িতে এক আত্নীয় বেড়াতে আসেন। পরে রাতে বাবলু সরকার ও তার লোকজন বাড়ি এসে আমাদের নামে অভিযোগ আনেন আমরা অসামাজিক কার্যকলাপ করছি বাড়িতে। পরে তারা পাশের তারকাটা বাজারে আমাকে ধরে নিয়ে মারধর ও সালিশ বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আমারে কাছে টাকা না থাকায় গোয়াল থেকে একটি গাভী বিক্রি করে ৩০ হাজার টাকা ভাগভাটোয়া করে নেন। আমার একটি মাত্র গরু ছিল।
স্থানীয় ইউপি সদস্য মোমেনুল কাদির বলেন, সালিশ করে জরিমানা নেওয়া গরু বিক্রির টাকা ফেরত দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের কাছে। অসহায় গরীব পরিবারটির সাথে চরম অন্যায় অবিচার করা হয়েছিল।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক মন্ডল বলেন, দলীয় ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গ করাসহ যে কোনো অন্যায় অপরাধ করলে দল কঠিন শাস্তির ব্যবস্থা করবে। দলীয় পদ থেকে বহিষ্কারও করা হবে। বাবলু সরকার গর্হিত কাজ করেছে। হাইকমান্ডের নির্দেশে তাকে দলীয় সকল কার্যক্রম ও পদ থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় তার ভাই কামরুলকেও বহিষ্কার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিদের ধরতে মাঠে কাজ করছে।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের ভুক্তভোগী ঝাড়ু বিক্রেতা জাহাম্মদ আলী মুন্সিকে, মিথ্যা অপবাদে দিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবলু সরকারের নেতৃত্বে বাড়ি থেকে তুলে নিয়ে গ্রাম্য সালিশ বসিয়ে জরিমানা ধার্য্য করে একমাত্র সম্বল গাভী বিক্রি করে জরিমানার টাকা আদায় করে নেয়। পরে এ নিয়ে বেশ সমালোচনা হলে টাকা ফেরত দেয় বিএনপি নেতা বাবলু সরকার। এ ঘটনায় দল থেকে বহিষ্কার হন বাবলু সরকার।