শ্রীপুরে মারধরের শিকার মানব জমিনের সাংবাদিক এনামুল হক

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:২২ পিএম

গাজীপুরের শ্রীপুরে সংবাদ সংগ্রহে গিয়ে মারধরের শিকার হয়েছেন দায়িত্বরত এক সাংবাদিক। পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন আহত ভোক্তভোগী ওই সাংবাদিক।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে শ্রীপুর পৌরসভা ভবনের তৃতীয় তলার একটি রুমে এ ঘটনা ঘটে। 

মারধরে শিকার ওই সাংবাদিকের নাম এনামুল হক আকন্দ। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

অপর দিকে অভিযুক্ত ব্যক্তির নাম কাজী মিজানুর রহমান। তিনি  লোহাগাছ গ্রামের মৃত কাজী আবদুল মান্নানের ছেলে। কাজী মিজানুর রহমান শ্রীপুর পৌরসভায় সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনা জানাজানি হলে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ সাংবাদিক নেতারা নিন্দা জানিয়েছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রসাশনের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক আকন্দ জানান, অফিসের চেয়ারে বসে ঘুমানোর ভিডিও ফেসবুকে ছড়ানোর মিথ্যা অভিযোগে সার্ভেয়ার মিজান তাকে পৌর ভবনের একটি রুমে ডেকে নেন। সেখানে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাদের বাকবিতণ্ডার একপর্যায় মিজান মারধর করেন তাকে। পরে পৌরসভার লোকজন এসে তাকে উদ্ধার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মিজান এ কাণ্ড ঘটিয়েছে।

শ্রীপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হারুন-অর রশীদ জানান, অফিসের তৃতীয় তলায় মারধরের ঘটনা ঘটেছে। শব্দ শুনে দ্রুত সেখানে যান। পরে দুই পক্ষকেই অন্যান্য লোকজন মিলে নিবৃত করেন।

অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে কাজী মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এতে তার বক্তব্য পাওয়া যায়নি। 

শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, আমি এমন একটি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা দেখবো। প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত