‘মিঠুনের কাছে ফিরব না’ ডিভোর্সের পর হেলেনা

‘আমি তার কাছে কখনো ফিরে যাব না, যদি সে সবচেয়ে ধনী মানুষ হন তাও না। আমি খোরপোষও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল আর তা শেষ হয়ে গেছে।’ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে চার মাসের সংসার জীবন নিয়ে এমন কথাই বলেছিলেন প্রাক্তন স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক।

অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর হেলেনাকে বিয়ে করেন মিঠুন। কিন্তু চার মাসের মাথায় ভেঙে যায় এ সংসার। ১৯৭৯ সালে যোগিতা বালিকে বিয়ে করে সংসারী হন মিঠুন।

সে সময় স্টারডাস্ট ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছিলেন হেলেনা। আলাপচারিতায় মিঠুনের সঙ্গে চার মাসের সংসার জীবন নিয়ে তিনি বলেছিলেন— ‘আমার শুধু মনে হয়, এটা যদি না হত! তিনি সেই ব্যক্তি যে আমার ব্রেনওয়াশ করেছিলেন তিনি আমার জন্য আদর্শ মানুষ। দুর্ভাগ্যের কথা তিনি সেটা আমাকে বোঝাতে সক্ষম হন।’

রবিবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মারা গেছেন অমিতাভ বচ্চনের মর্দ সিনেমার নায়িকা হেলেনা। বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা কল্পনা আইয়ার হেলেনার মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

হেলেনা তার শেষ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এমন লাগছে বুঝতে পারছি না। অস্থির লাগছে।’ সে সময় এ পোস্ট দেখে অনেকে কারণ জানতে চেয়ে মন্তব্য করেন। কারো মন্তব্যের উত্তর দেননি হেলেনা। তবে আজ অনেকে তার আত্মার শান্তি কামনা করে এই পোস্টে মন্তব্য করেছেন।