অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থতার ঘটনা তদন্তের দাবি ঢাবি শিবিরের

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে পরিবেশিত খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণ ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা৷

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর শহীদুল্লাহ হলে বাঁধনের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে পরিবেশিত ত্রুটিযুক্ত খাবার গ্রহণের ফলে প্রায় পঞ্চাশোর্ধ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন। এ অবস্থায় তাদের পক্ষে চলমান ও অনুষ্ঠিতব্য বিভিন্ন সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে এবং নিম্নমানের খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠান 'বনফুল'-এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

সংগঠনটি আরও জানায়, শাখার পক্ষ থেকে গুরুতর অসুস্থদের বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।