বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ভৈরব থানায় দায়ের করা একাধিক মামলার এফআইআরভুক্ত আসামি ভৈরব উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সার (৫৪) ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।
তিনি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার দুপুর ১২টার দিকে কিশোরগেঞ্জর ভৈরবের কালিকাপ্রসাদের বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সারকে (৫৪) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে দুপুর সোয়া দুইটার দিকে ভৈরব শহরের চন্ডিবের এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বি ওরফে আফরান রাব্বিকে (৩০) গ্রেপ্তার করে র্যাবের অপর একটি আভিযানিক দল।