উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ১৫ বারের চ্যাম্পিয়ন তারা। যদি প্রশ্ন করা হয় ইউরোপসেরা এই টুর্নামেন্টে দ্বিতীয় সফল দল কারা? যারা ভালো করে খোঁজ রাখেন বলতে পারবেন, অনেকে হয়তো আবার দ্বিধায় পড়বেন। দ্বিতীয় সফলতম দলটি সবশেষ এই টুর্নামেন্ট জিতেছে ২০০৬-০৭ মৌসুমে। সেটি ইতালিয়ান ক্লাব এসি মিলান (৭ বার)।
এই পরিসংখ্যান মনে করিয়ে দেওয়ার কারণ, আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। এই দুটি ক্লাব মিলে চ্যাম্পিয়নস লিগ জিতেছে মোট ২২ বার!
রিয়াল ও এসি মিলান সবশেষ মুখোমুখি হয়েছে এই মৌসুম শুরুর আগেই, প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক সময়ে এই দুটি ক্লাবের খেলা মানেই তা প্রাক-মৌসুম প্রস্তুতিতে। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এর আগে এই দুটি দল সবশেষ মুখোমুখি হয়েছে ২০১০-১১ মৌসুমে গ্রুপপর্বে। সেবার প্রথম দেখায় নিজেদের মাঠে জিতেছিল রিয়াল ২-০ গোলে, মিলানের মাঠে ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। বার্নাব্যুতে মিলান এর আগে মাত্র একবারই জিতেছে। সেটি ছিল ২০০৯-১০ মৌসুমে গ্রুপপর্বে।
রিয়াল ও মিলান প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৫৫-৫৬ ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) সেমিফাইনালে। প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত রিয়াল ও মিলান মুখোমুখি হয়েছে ১৫ বার। সমান ছয়টি করে জয় আছে দুদলের। তিন ম্যাচ ড্র হয়। নতুন ফরম্যাটের কারণে লিগপর্বে এবার একবারই মুখোমুখি হবে রিয়াল ও মিলান।
এবার চ্যাম্পিয়নস লিগে তিনটি ম্যাচ খেলে রিয়াল হেরেছে একটি। মিলান তিন ম্যাচ খেলে হেরেছে দুটি। চলতি মৌসুমে সিরি আ’তে ১০ লিগ ম্যাচ খেলে ১৭ পয়েন্টে টেবিলের সাতে অবস্থান মিলানের। আর লা লিগায় ১১ ম্যাচ শেষে ২৪ পয়েন্টে দুইয়ে আছে লস ব্লাঙ্কোসরা।
মিলানে আছেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। যুব দলের শেষ ভাগটা মোরাতা খেলেছেন রিয়ালে। পরে রিয়াল মূল দলেও খেলেছেন। সবশেষ ২০১৬-১৭-তে খেলে ছাড়েন রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের হয়েও খেলেছেন মোরাতা। আতলেতিকোর হয়ে রিয়ালের মাঠে খেলতে গেলেই দুয়ো শুনতে হতো মোরাতার। এবারও মিলানের হয়ে খেলতে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন মোরাতা। এ নিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত আমার মনে হয়, আতলেতিকোর সঙ্গে সেখানে (বার্নাব্যুতে) যাওয়ার পর যেমন হতো, এখনো একই অবস্থা হবে। আমার মনে হয় না পরিস্থিতি খুব একটা বদলেছে। তবে আমি এ ব্যাপারে সচেতন এবং আশা করি তারা আমাকে এবং সব কিছুতে দুয়ো দেবে। এটা স্বাভাবিক।’
মিলানের মুখোমুখি হওয়ার আগে গেল শনিবার লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ ছিল রিয়ালের। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার প্রভাবে স্থগিত হয়েছে সেই ম্যাচটি। তার আগে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠেই ৪-০-তে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর মিলান রবিবার সিরি আ’তে ১-০ গোলে হারিয়েছে মোনজাকে।
রিয়াল ইনজুরির কারণে পাচ্ছে না দানি কারভাহাল, থিবো কর্তোয়া, রদ্রিগো ও ডেভিড আলাবাকে। মিলান পাবে না ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন রয়্যালকে।
অ্যানফিল্ডে লিভারপুল-লেভারকুজেন
একই রাতে অ্যানফিল্ডে খেলবে বায়ার লেভারকুজেন। গেল মৌসুমে লেভারকুজেন দারুণ ফুটবল খেলে অপরাজিত থেকে জিতেছিল লিগ শিরোপা। তবে এবার সেই ফর্ম ধরে রাখতে পারছে না জাবি আলোনসোর দল। বুন্দেসলিগাতে ৯ ম্যাচ শেষে ১৬ পয়েন্টে আছে চার নম্বরে। মৌসুমে এখন পর্যন্ত উল্টো অভিজ্ঞতা লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে আছে শীর্ষে। চ্যাম্পিয়নস লিগেও নিজেদের প্রথম তিন ম্যাচের সব জিতেছে আর্না সøটের দল। তাই এই ম্যাচে ফেভারিট ভাবা হচ্ছে অলরেডদেরই। লেভারকুজেন ও লিভারপুল এর আগে চারবার চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছে। তিনটিতে জয় লিভারপুলের, এক ম্যাচ জিতেছে লেভারকুজেন। এই দুদল সবশেষ মুখোমুখি হয়েছে ২০০৫ সালে।
প্রতিপক্ষ ম্যানসিটি কেমন তা আজই বুঝবেন ম্যানইউর কোচ
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে। স্পোর্টিং সিপি এই মৌসুমে পর্তুগিজ লিগে ১০ ম্যাচ খেলে সব জিতেছে। সিপির কোচ আমোরিমের জন্যও দারুণ পরীক্ষার হবে ম্যাচটি। আমোরিম আর কিছুদিন পরই যোগ দেবেন ম্যানচেস্টার সিটির প্রতিদ্বোদ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রতিদ্বোদ্বী ক্লাবকে আগেই নিজের কৌশল দিয়ে হারানোর সুযোগ পাচ্ছেন আমোরিম।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে দুই পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে আছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ ও কারাবও কাপ মিলে টানা দুটি ম্যাচ হেরেছে ম্যানসিটি। তাই স্পোর্টিংয়ের সঙ্গে ম্যাচটা সিটির জন্য কঠিনই হবে ধারণা ফুটবল বিশ্লেষকদের। পেপ গার্দিওলার চিন্তার কারণ হতে পারে দলের খেলোয়াড়দের ইনজুরি সমস্যা। জন স্টোনস, রুবেন দিয়াজ, জ্যাক গ্রিলিশ, অস্কার বব, রদ্রি আছেন মাঠের বাইরে। তবে আশার খবর চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন কেভিন ডি ব্রæইন, জেরেমি ডকু ও সাভিনহো।
স্পোর্টিং-সিটি, রিয়াল-মিলান, লিভারপুল-লেভারকুজেন ছাড়াও আজ চ্যাম্পিয়নস লিগে আরও ছয়টি ম্যাচ আছে।