বিপিএলে আসবে কোন হলিউড তারকা!

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১০:০২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নতুন আঙ্গিকে উদযাপনের একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা বলছে, এবার এই টুর্নামেন্টটি কেবল একটি ক্রীড়া আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সারা দেশে উৎসবের আমেজ ছড়াবে। বিপিএল মাঠের বাইরেও দেশের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য দপ্তর।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট বোর্ড ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে জানানো হয়েছে যে, দেশের যুব সম্প্রদায়কে আরও উজ্জীবিত করে তুলতে বিপিএলকে ব্যবহার করা হবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের পরিচয় বহন করবে। এর ফলে শুধু খেলায় নয়, সামাজিক কাজেও বিপিএলের একটি ভূমিকা থাকবে।

বিকেলে বিসিবি পরিচালক নাজমূল আবেদীন বলেছেন, “বিপিএলকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিক অভিজ্ঞতা এতে কাজে আসবে। কিভাবে একটি ইভেন্টকে একটি দেশের পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেটা আমাদের লক্ষ্য। এখানে শুধু খেলারই নয়, বাংলাদেশ সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যও দেখানো হবে।”

আমাদের প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে

নাজমুল আবেদীন ফাহিম, বিসিবি পরিচালক

বিপিএলকে জনসম্পৃক্ত করতে প্রতিটি জেলার যুবসমাজকে অংশ নিতে উৎসাহিত করা হবে। ক্রীড়া উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হবে ইয়ুথ ফেস্টিভ্যাল। এই আয়োজনে ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় সংযুক্ত থাকবে। সারা দেশের যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে এবং সাম্প্রতিক তরুণদের আন্দোলনের চেতনা ধরে রাখতে এ আয়োজন পরিকল্পিত।

এছাড়া, মাঠের বাইরের তারকাদের বিপিএলের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। নাজমূল আবেদীন বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা যদি মাঠে আসেন, একটা বক্তব্য দেন, বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার বা হলিউড থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী এখানে এসে সংযুক্ত হন, এটা নিশ্চয়ই সারা পৃথিবীর মিডিয়াতে আসবে। আমাদেরও সে চেষ্টা থাকবে।'

বিপিএলের ১১তম আসরের জন্য নতুন থিম সং ও মাসকট তৈরি করা হচ্ছে। এই মাসকটের জন্য একটি ট্রফি ট্যুরও পরিকল্পনা করা হয়েছে, যা বিপিএলকে নতুন মাত্রা এনে দেবে। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ও সিলেটে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে রাহাত ফতেহ আলী খানের আসার সম্ভাবনা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত