লাল, নীল ও দোদুল্যমান অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত কিছু অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল অঙ্গরাজ্য আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল অঙ্গরাজ্য। ফলে এসব রাজ্য নিয়ে প্রার্থীদের খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু হাতেগোনা কিছু অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলোর ভোট, প্রার্থীদের কারণে যেকোনো পক্ষে যেতে পারে। ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্দিষ্ট কিছু সুইং স্টেট বা দোদুল্যমানের দিকে নজর দেন যেখানে ভোট কোন পার্টির পক্ষে যাবে, তা নির্দিষ্ট করে বোঝা যায় না।

এ রাজ্যগুলো দেশটির নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড। প্রার্থীদের কাছে এসব অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এ অঙ্গরাজ্যগুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় জয়-পরাজয়ের মূল চাবিকাঠি। এ রাজ্যগুলোতেই হয় মূল প্রতিদ্বন্দ্বিতা।

অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা এবং উইসকনসিন এবার নির্বাচনে হয়ে উঠেছে ব্যাটলগ্রাউন্ড। এ রাজ্যগুলোতে যে প্রার্থী এগিয়ে যাবেন, চূড়ান্ত বাজিমাত করবেন তিনিই।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট-দলীয় কমলা হ্যারিসের মধ্যে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এসব রাজ্যেও। অ্যাটলাস ইনটেলের সর্বশেষ জরিপের ফলে দেখা যায়, দোদুল্যমান রাজ্য অ্যারিজোনায় জরিপে অংশ নেওয়াদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ এবং হ্যারিসের প্রতি ৪৫ দশমিক ৮ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন।

দোদুল্যমান আরেক রাজ্য নেভাডায় জরিপে অংশ নেওয়া ৫১ দশমিক ২ শতাংশ মানুষ ট্রাম্পকে এবং ৪৬ শতাংশ হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ট্রাম্প ৫০ দশমিক ৫ শতাংশ এবং হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ জনসমর্থন।

অ্যাটলাস ইনটেলের জনমত জরিপ অনুযায়ী, জর্জিয়া রাজ্যেও এগিয়ে আছেন ট্রাম্প। এ রাজ্যে ৫০ দশমিক ১ শতাংশ মানুষ ট্রাম্পকে এবং ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। মিশিগানে ট্রাম্পের প্রতি ৪৯ দশমিক ৭ শতাংশ এবং কমলার প্রতি ৪৮ দশমিক ২ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন।

আর পেনসিলভানিয়ায় ট্রাম্প ৪৯ দশমিক ৬ শতাংশ ও কমলা ৪৭ দশমিক ৮ শতাংশ এবং উইসকনসিনে ট্রাম্প ৪৯ দশমিক ৭ শতাংশ এবং কমলা ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন পেয়েছেন।

দেশটির সাত রাজ্যে অ্যাটলাসের পরিচালিত এ জনমত জরিপে গড়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি কমলা হ্যারিসের ৪৭ দশমিক ২ শতাংশের তুলনায় ৪৯ শতাংশ জনসমর্থন পেয়েছেন।

অ্যাটলাস ইনটেল বলেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও সবচেয়ে নির্ভুল জনমত জরিপ প্রকাশ করেছিল তারা। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি দোদুল্যমান রাজ্যে করা তাদের জনমত জরিপের ফল সঠিক হয়েছিল।