সড়কে প্রাণ গেল ১২ জনের

সারা দেশে গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত ছয় স্থানে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর :

শরীয়তপুরের জাজিরার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজার পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতুর টোলপ্লাজার সার্ভিস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাওডোবা ইউনিয়নের কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮), এসকেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।

পদ্মা দক্ষিণ থানার ওসি আকরাম হোসেন বলেন, অতিরিক্ত গতি ও বেখেয়ালের কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ঘটনাস্থলে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। পরে নিহতদের পরিবার মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করতে আসেননি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৮)। হুসাইন মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের ওসি আবুল হোসেন মজুমদার জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ওই ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন বরিশালের মেহেন্দীগঞ্জের আলতাফ ফকির (৫০)। এ ঘটনায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

দিনাজপুরের বিরামপুর পৌরশহরের জোয়ালকামড়া এলাকায় গতকাল বিকেলে ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। তারা হলো শহরের সারঙ্গপুর এলাকার জিয়ারুল হকের ছেলে রিফাত (১৬) ও ইসলামপাড়া গরুহাটি এলাকার ইউনুস আলীর ছেলে বাদশা (১৬)। ঘটনার পর বিরামপুর থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে।

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়ায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক শের আলী (৫৫) শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে। ঝিনাইদহ হাইওয়ে থানার এসআই আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মো. সাকিব (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার বেলাল মিয়ার ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক আবু সেলিম রেজা বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন শরীয়তপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, ঝিনাইদহ, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি ও বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা