নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষের সময় গলায় সড়কিবিদ্ধ হয়ে সুলতান মোল্যা (৭০) নামের এক কৃষক নিহত হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের আরও ৫ জন আহত হন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত ১২টার দিকে ওই বৃদ্ধকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চানপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য জামাল মোল্যা গ্রুপের সঙ্গে সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলামের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাঝে মধ্যে বিবদমান দুটি গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
পূর্ব বিরোধের জের ধরে গতকাল রাত ১০টার দিকে উভয়পক্ষ ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন শরিফুল পক্ষের সমর্থক কৃষক সুলতান মোল্যার গলায় সড়কির আঘাত লাগে। এরপর তার গলা থেকে সড়কি বের করে নড়াইল সদর হাসপাতালের নিয়ে গেলে রাত ১২টার দিকে ওই বৃদ্ধকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুজ্জামান সোহাগ বলেন, ‘রাত ১২টার দিকে সুলতান মোল্যাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রয়েছে।’