রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শাহবাগে যাবেন মো. ইসমাইল হোসেন। সকাল ১০টায় বাসের জন্য ওই মোড়ে দাঁড়ান। কিন্তু সেখানে ৩০ মিনিট অপেক্ষা করেও বাসে উঠতে পারেননি। কারণ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাংলামোটর পুরো রাস্তাজুড়ে তীব্র যানজট। এছাড়াও সংসদ ভবনের সামনের রাস্তা, কারওয়ান বাজার থেকে বাংলামোটর রাস্তার পাশে রাখা হয়েছে সারি সারি বাস। এতে করে তীব্র যানজট সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে। ফলে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। যানজট বেশি হওয়ার কারণে অনেকেই বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন।
এদিকে ঢাকার যানজট নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন কর্মময় দিনে কেন এই সমাবেশ। সমাবেশ করলে অন্যদিন করতে পারতো। এমন অজস্র মন্তব্যে সামাজিক মাধ্যম সয়লাব। তবে সবের সমালোচনা করছেন কেউ কেউ।
একজন যানজট নিয়ে কথা বলতে গিয়ে বললেন, আজ ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে হুজুরেরা মহাসমাবেশ করছে, যার ফলশ্রুতিতে জ্যামে ঢাকা অচল। এটা নিয়ে স্বাভাবিকভাবেই অনেকে অনেক কথা বলছেন। হুজুরদের পক্ষ নিয়ে অনেকেই পাল্টা পোস্ট কিংবা প্রশ্ন করছেন- “অন্য সব দলের লোক মহাসমাবেশ করতে পারলে, হুজুরেরা করলে চুলকানি উঠে কেন?”
উনাদের প্রশ্ন শুনে কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ে গেলো।
অটোরিকশা বাইকে লাগিয়ে দিয়েছে, ক্যাচাল চলছে। পাঠাও চালকেরা রিকশাওয়ালাকে যা-তা বলছে। এরমধ্যে বাইকে বসা টাই পরা এক ভদ্রলোক রিকশাওয়ালাকে গালি দিয়ে বসলেন। এবার রিকশাওয়ালা ক্ষেপে গেলো। “গালি দিলেন ক্যান!” লোকটা প্রশ্ন করলো- “সবাই তোরে গালি দিচ্ছে, কিছু কস না। আমার গালিই শুধু কানে গেলো?”
রিকশাওয়ালার তড়িৎ উত্তর - "হেরা তো অশিক্ষিত। আপনি শিক্ষিত মানুষ হইয়া গালি দিলেন কেন?”
এদিকে যারা যানজট নিয়ে কথা বলছেন,। সমাবেশের বিরুদ্ধে বলছেন- তাদের নিয়েও অনেকে ক্ষুব্ধ। তাদের ভাষ্য শুধু ইসলামি সমাবেশ হলেই একশ্রেণীর মানুষের খুব জ্বলে।
একজন বলছেন, সোহরাওয়ার্দীতে দেশের সব দল জনগোষ্ঠী সমাবেশ করতে পারে, আর দেশের বিরাট অংশ দাওয়াত-তাবলীগ ও মাদ্রাসার হুজুরদের সমাবেশ নিয়ে আপনার মাথা ব্যাথা।এখানে কেন,হ্যান ত্যান এসব প্রশ্ন নিতান্তই ভণ্ডামি ছাড়া কিছু না।
একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক লিখেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর আজ প্রথম ঢাকায় যানজটে এতো জনদুর্ভোগ। ধর্মীয় কোনো সমাবেশ হলেই কেনো জানি এক শ্রেণীর মানুষের খাওজ্জানি জেগে উঠে। হায়রে মজার খাউজানি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামি মহাসম্মেলন। এই মহাসম্মেলনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জড়ো হয়েছেন আলেম-ওলামা ও জনতা। সম্মেলনে অংশ নিতে তারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে রাজধানীতে প্রবেশ করেছেন। সেই বাসগুলো রাখা হয়েছে রাস্তার উপরে। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।