গুঞ্জন শোনা যাচ্ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হতে পারেন মোহাম্মদ সালাহউদ্দিন। শেষ পর্যন্ত তাই হলো। আজ এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে (বিসিবি) সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাহউদ্দিনকে নিয়োগের কথা।
গেল ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, যোগ্য স্থানীয় কোচদের জাতীয় দলসহ বিসিবির বিভিন্ন দলে দায়িত্ব দেওয়া হবে।
সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ নিয়োগ দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি যখন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশের যোগ্য ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার সুযোগ দেবো। সালাউদ্দিনের অভিজ্ঞতা, জ্ঞান ও মেধা তাকে এই জায়গায় যোগ্য করে তুলেছে। আমি বিশ্বাস করি, এখন আরও অনেক বাংলাদেশি কোচদের সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময় এসেছে।’
এক সময় বিকেএসপির খণ্ডকালীন ক্রিকেট কোচ ছিলেন সালাহউদ্দিন। ২০০৫ সালে যোগ দেন জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে। ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই ছিলেন, পালন করেছেন সহকারী কোচের দায়িত্বও।
সালাহউদ্দিন নতুনভাবে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে।
কোচ হিসেবে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সালাহউদ্দিন প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে পরিচিত। তার অধীনেই বিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস।