মেট্রোকে 'বাঁচতে' দিলেন না শেখ মেহেদী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম

ম্যাচ বাঁচাতে পারল না ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিং-ধসের শেষ দিনে ব্যাটিং-ধসের শিকার হয়ে জাতীয় লিগের ম্যাচে খুলনার কাছে হেরে গেছে দলটি। 

দ্বিতীয় দিন ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরুই করেছিল মেট্রো। অধিনায়ক মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিনটা ৪ উইকেটে ২৯৭ রানে শেষ করে দলটি। মার্শাল তার ২৬তম প্রথম শ্রেণির সেঞ্চুরিটিকে ১৫২ বানিয়ে ফেরার পরই শুরু ধসের। ৩৪৮/৪ থেকে ৩৭২/১০-২৪ রানেই শেষ ৬ উইকেট হারায় মহানগর। খুলনার দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও টিপু সুলতান মিলেই শেষ ৬ উইকেটে ৫টি নিয়েছেন।

ম্যাচ জিততে ২০৭ রানের লক্ষ্য পায় খুলনা। সেই লক্ষ্য ৩৫ ওভারেই ১ উইকেট হারিয়ে পেরিয়ে এবারের লিগে প্রথম জয় পায় দলটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় ৪৭ বলেই ১০ চার ও ২ ছক্কায় করেন ৭১ রান। আরেক ওপনার অমিত ৪১ ও তিনে নামা ইমরুল কায়েস ৮৩ রানে অপরাজিত ছিলেন। ৮০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মেরেছেন ইমরুল।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শেখ মেহেদী। 

সানজামুলের স্পিনে কুপোকাত বরিশাল
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পরও ম্যাচে ফল বের করে নিয়েছে রাজশাহী। সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে তারা ৬ উইকেটে হারাল বরিশালকে।

রাজশাহীর জয়

ম্যাচের তিন দিন মিলিয়ে শেষ হয়েছিল দুই দলের প্রথম ইনিংস। শেষ দিন বরিশালকে ১৩৭ রানে গুটিয়ে দেয় রাজশাহী। বাঁহাতি স্পিনে ৪০ রানে ৬ উইকেট নেন সানজামুল। পরে ৬৮ রানের লক্ষ্য ১৫ ওভারে ছুঁয়ে ফেলে তারা।

তিন ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা ৩৭৬ ও খুলনা (লক্ষ্য ২০৭) ৩৫ ওভারে ২০৯/১ (এনামুল ৭১, অমিত ৪১*, ইমরুল ৮৩*; আমিনুল ৩-০-২৩-১)
ঢাকা মেট্রো ২১০ ও ৩৭২ (আগের দিন ২৯৭/৪) (মার্শাল ১৫২, আমিনুল ৭৩, আল আমিন ১৮-৪-৬৩-২, সালমান ১৪-০-৫৫-১, শেখ মেহেদী ৩৭.১-৯-৮৮-৫, টিপু ২৮-৪-৮০-২)। 
ফল: খুলনা ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: শেখ মেহেদী হাসান। 

সংক্ষিপ্ত স্কোর 
বরিশাল ২০৫ ও ১৩৭ (তাসামুল ৪৬, তানভির ২১, আলি ১২-০-৪৮-৩, সানজামুল ২৩.১-৬-৪০-৬, সাব্বির ৪-২-১৬-১)
রাজশাহী ২৭৫ ও (লক্ষ্য ৬৮) ১৫ ওভারে ৬৮/৪ (হাবিবুর ১৭, মেহেরব ২৩*, রুয়েল ৩-০-২২-১, কামরুল ৫-১-১২-২, তানভির ৫-১-২১-১)
ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সানজামুল ইসলাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত