সিলেটের সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ৮ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে টাস্কফোর্স।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, শাড়ি ২হাজার ৯শ’ ৭ পিস, কাশ্মিরী শাল ১ হাজার ১শ’ ৬২ পিস, থ্রিপিস ৪শ’ ১৩টি, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১শ’ ৬০ মিটার, সোফার কভার ১ হাজার ৫শ’ ৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭শ’ ২২ পিস, পন্ডস ফেসওয়াস ১ হাজার ৬শ’ ৬৯ পিস, জনসন বেবি লোশন ৬শ’ ১২ পিস, ব্রিকস চকলেট ২ লাখ ৬২ হাজার ৯শ’ ৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩ হাজার ২শ’ ৬০ পিসসহ আরও কিছু পণ্য। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।