যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। হোয়াইট হাউসে কে যাবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া না গেলেও অঙ্গরাজ্যগুলো নিয়ে করা জরিপ বিশ্লেষণ করে দেখা যায় বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সবশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট ৮টি রাজ্যে বিজয়ী হয়েছেন ট্রাম্প। ফলে তিনি ওই রাজ্যগুলোর ৯৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। অপরদিকে, ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস চারটি রাজ্যে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৭টি ইলেক্টোরাল ভোট।
এদিকে, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতে সন্তুষ্ট নন দেশটির তিন-চতুর্থাংশ ভোটার। অপরদিকে মাত্র এক-চতুর্থাংশ ভোটার দেশের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের করা প্রাথমিক বুথফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুথফেরত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের ৪ জনই যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। আর ১০ জনের ৩ জন বলেছেন, তারা দেশের বর্তমান হালচালে ক্ষুব্ধ। মাত্র এক-চতুর্থাংশ দেশের পরিস্থিতিতে উৎসাহ ও সন্তোষ প্রকাশ করেছেন।