নিজেকে বিজয়ী ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র চারটি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে তিনি যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।

এই জয়কে রাজনৈতিক জয় অ্যাখ্যা দিয়ে তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।

এ সময় স্ত্রী ও পরিবারের প্রশংসা করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্ট লেডি হিসেবে পরিচয় করিয়ে দেন। বলেন, সে দুর্দান্ত কাজ করেছে। মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছে।

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেয় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তবে এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল জানা যায়নি বা  যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনো এমন তথ্য প্রচার করেনি।