যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প, সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

আলাস্কা এবং হাওয়াই অঙ্গরাজ্যে ভোট শেষ হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো।

এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ–সব জায়গাতেই এগিয়ে আছে রিপাবলিকানরা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে পেনসিলভানিয়াসহ তিনটিতে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

বিবিসি জানায়, দোদুল্যমান রাজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতেও জয় পেয়েছেন রিপাবলিকান দলের এই নেতা। এই রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৯টি। এছাড়া জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাতেও জিতেছেন তিনি। এই দুই অঙ্গরাজ্যে ১৬টি করে ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। 

বিবিসির তথ্যমতে, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ২৬৬টি ভোট পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট, এবং কমলা ১৯৫টি ভোট পেয়েছেন। আর মাত্র ৪টি ভোট পেলেই আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিংহাসনে আসীন হবেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

এদিকে ট্রাম্প জয় থেকে এখনো কিছুটা দূরে থাকলেও তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে পরিপূর্ণ জায়গাটিতে স্থানে স্থানে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত