যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র চারটি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, প্রাথমিক ফলাফলে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। ফক্স নিউজের প্রতিবেদনের পরই নিজেকে জয়ী ঘোষণা করেন সাবেক এই প্রেসিডেন্ট।
এদিকে নিজেকে বিজয়ী ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিশ্ব নেতারা শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে।
এরই ধারাবাহিকতায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে এশিয়ার দেশ চীন। নির্বাচনি ফল ঘোষণার মুহূর্তে চীন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ কামনা করে বেইজিং।
বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আমরা পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের স্বার্থ রক্ষিত হয় এমন সহযোগিতার নীতির ভিত্তিতে চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সুস্থির।
চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন কল করবেন কিনা তা জানতে চাইলে মুখপাত্র মাও বলেন, ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে, আমরা স্বাভাবিক প্রথা অনুসারে সংশ্লিষ্ট বিষয়গুলো করব।
ট্রাম্পের এই বিজয় চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার সময়েই শুরু হয় চীন–মার্কিন বাণিজ্য যুদ্ধ। এমনকি করোনাভাইরাস মহামারি নিয়ে বারবার চীনের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন ট্রাম্প। এখন দেখার বিষয় ফলাফল ঘোষণার পর কিভাবে প্রতিক্রিয়া জানায় দেশটির প্রেসিডেন্ট।