ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে প্রয়োজনীয় ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট।
তবে এমন জয় পেলেও ট্রাম্পকে অভিনন্দন জানাবার পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বুধবার (০৬ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত ট্রাম্পকে অভিনন্দন জানাবার পরিকল্পনা নেই পুতিনের। ভুলে গেলে চলবে না আমরা একটি দেশের কথা বলছি যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িত।
দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছে। অপরদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আরও দেড় মাস হোয়াইট হাউসে থাকবেন। অতএব আমরা সব কিছু বিশ্লেষণ করছি। নির্দিষ্ট আলোচনা ও কাজের ভিত্তিতে সিদ্ধান্তে আসব।