‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ইরানের সম্পর্ক নেই’

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার জন্য কাঙ্খিত ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছেন তিনি। ‘প্রত্যাশিত’ এই জয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতাদের অনেকেই। তবে ইরান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে দেশটির সম্পর্ক নেই।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, যুক্তরাষ্ট্রে কে প্রেসিডেন্ট হবেন— তা কোনো উল্লেখযোগ্য পার্থক্য তৈরি করে না।

তাসনিম নিউজের বরাতে সিএনএন জানিয়েছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের সাধারণ নীতি অপরিবর্তিত। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।

আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে অল্প ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর প্রত্যাবর্তনের কথা জানিয়েছিলেন ট্রাম্প। এ জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সোনালী যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।