রাজধানীর শ্যামপুরে বিপ্লব (৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজ, নতুন আলীগর বিক্রমপুর হাউজিংয়ের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে স্ত্রী সনি আক্তার জানান, ৭ম তলায় ভাড়া বাসায় থাকেন তারা। সনি তার ২য় স্ত্রী। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন স্বামী বিপ্লব। দুপুরে বাসার বাথরুমের দরজা বন্ধ করে ভেতর গামছা পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
সনি জানান, দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার প্রথম স্ত্রী ওয়ারীতে থাকেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার ২য় স্ত্রী দাবি করেছেন। শ্যামপুর থানা ঘটনাটি তদন্ত করছে।