ট্রাম্পের বিজয়ে জেলেনস্কির কী হবে?

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় ইউক্রেনের রাজধানী কিয়েভে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাম্পের বিজয়ের সংবাদ প্রকাশের পর থেকে চাপের মুখে পড়েছে ইউক্রেন।

বুধবার (৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেন ট্রাম্প। তিনি প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল ভোটে হারিয়ে দেন। অনানুষ্ঠানিক হলেও নির্বাচনে ট্রাম্পেই জিতেছেন। ফলে প্রশ্ন উঠেছে, জেলেনস্কির এবার কী হবে?

কয়েক বছর ধরে প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক উদ্বেগে রয়েছে ইউক্রেন। প্রায় তিন বছর আগে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইউক্রেন বিদেশি সামরিক সাহায্যের ওপর নির্ভর করা শুরু করে। বিশেষ করে ওয়াশিংটন থেকে সব থেকে বেশি সহযোগিতা পেয়ে আসছিল ইউক্রেন।

সেপ্টেম্বরে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলে বর্ণনা করেছিলেন। কারণ ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা নিয়েছে। ট্রাম্প বলেছেন, প্রতিবার তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্রে আসেন, ছয় হাজার কোটি মার্কিন ডলার জিতে চলে যান।

যদিও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রশংসা করেছেন। বুধবার (৬ নভেম্বর) এক্সে জেলেনস্কি লিখেছেন, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, বিজয় পরিকল্পনা এবং ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের উপায় নিয়ে বিশদ আলোচনা করেছিলাম।

তিনি আরও লিখেছেন, উভয় দেশের জন্য উপকারী রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে ইউক্রেন আগ্রহী। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে একটি শক্তিশালী যুক্তরাষ্ট্রের যুগের অপেক্ষায় আছি। বিশ্বব্যাপী শান্তির জন্য ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতি প্রশংসার যোগ্য। এই নীতিই ইউক্রেনে ন্যায়বিচারের শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি, আমরা এটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত