সাফজয়ীদের কি পুরস্কার দেবে বাফুফে

২৬ অক্টোবর হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এর ১০ দিন পর প্রথম বাফুফে ভবনে এসেছেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। নির্বাচিত কমিটির সহযাত্রীদের সঙ্গী করে বুধবার বিকেলে বাফুফের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়েছেন। এরপরের পর্বে কমিটি দেখা করেন সাফজয়ী নারী জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে। সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মেয়েদের দাবী-দাওয়ার কথাও শুনেছেন। এরপর সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে সাফজয়ী মেয়েদের বাফুফের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন নয়া সভাপতি। 

তবে কী পুরস্কার দিবেন, সেটা খোলাসা করেননি তাবিথ। মনগড়া কোন আর্থিক পুরস্কারের ঘোষণা আসেনি তার কাছে। বরং ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়েই দিতে চান ঘোষণা, 'সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবলাররা অবশ্যই কিছু না কিছু প্রাপ্য। ওদের প্রাপ্য ও সাফল্য নিয়ে নির্বাহী কমিটিতে আমরা সিদ্ধান্ত নিবো। এখন কোন সিদ্ধান্ত হয়নি, যা হওয়ার হবে নির্বাহী কমিটির সভায়। কমিটি অনুমোদন দিলে আপনাদের জানাবো।'

এই পুরস্কারটা দেওয়া হবে বাফুফের তহবিল থেকে। ২০২২ সালে প্রথমবার শিরোপা জয়ের পর অবশ্য বাফুফে থেকে কোন অর্থ পুরস্কার দেওয়া হয়নি মেয়েদের। তাবিথ জানালেন, এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি শিরোপাজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, 'বাফুফের পক্ষ থেকে ৯ তারিখে একটা ঘোষণা আসবে। আমরা নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাই যাতে আর্থিক স্বচ্ছ্তার বিষয়টা নিশ্চিত করা যায়। এছাড়া আমরা জানতে পেরেছি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নারী দলকে সংবর্ধনা দিতে চায় এবং উপহার দিতে চায়।'