বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা ২০০টি বেলজিয়াম গাছ কেটে নেওয়া হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইক পাথালিয়া মৌজার ১৪১ নং খতিয়ানে সাবেক ৩৪১ হাল ১১০৪ দাগের মাতৃসূত্রে পাওয়া ৫ শতক জমি তিন বোন ভোগ করে আসছিলেন। অভিযুক্তরা জমিটি জোরপূর্বক জবর দখল করার পাঁয়তারা করছিল। এ ঘটনায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী দহপাড়া গ্রামের ভুক্তভোগী মোছা. বেদেনা (৩২), মোছা. পারুল (৪৪), মোছা. সালমা (৩০) বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. আব্দুল মমিনের ছেলে মো. আজিজুল ইসলাম (২০), মৃত ওমর আলীর ছেলে মো. আব্দুল মমিন (৪৮), মো. আব্দুল মমিনের ছেলে মো. আল মাহমুদ (৩০) ও আব্দুল মমিনের স্ত্রী মোছা. মজিদা (৪০)।
জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ জমি দখল করতে যায়। ভুক্তভোগীরা গাছ কাটার কারণ জানতে চাইলে তাদের মারধর করে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার এএসআই মাসুদ বলেন, জমি দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।